| | |

মসজিদে চুরির চেষ্টা, যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মসজিদে চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ত্রিশাল থানার ওসি মুনসুর আহাম্মদ বলেন, সোমবার ((২৫ আগস্ট) ভোররাতের দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রানা মিয়া (৩৫)। তিনি সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের হিরণ পলাশিয়া গ্রামের বাসিন্দা।

ওসি মুনসুর আহাম্মদ বলেন, “মসজিদের তালা ভাঙার শব্দ পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা উঠে আসেন। তারা ডাক-চিৎকার দিলে আরও লোকজন জড়ো হয়। তারা তখন রানা মিয়াকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় কেউ আটক হননি।

স্থানীয় এক ব্যক্তি জানান, ওই মসজিদে আগে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে ধরার পর মসজিদের মাইকে লোকজনকে ডেকে জড়ো করা হয়।

ওসি মুনসুর আহাম্মদ বলেন, রানার নামে বিভিন্ন থানায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এর মাঝে তারাকান্দা থানায় একটি, ময়মনসিংহ কোতোয়ালী থানায় তিনটি ও গাজীপুরের জয়দেবপুর থানায় একটি মামলা রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted