| | |

ভয়ঙ্কর মাদক ‘কিটামিন’ কুরিয়ারে ইতালি পাঠানো হচ্ছিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর টঙ্গী থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইতালিতে পাচারের সময় সাড়ে ছয় কেজি ভয়ঙ্কর মাদক কিটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিশেষ কায়দায় তোয়ালের ভেতরে দ্রবীভূত অবস্থায় রাখা ছিল মাদকটি। এ ঘটনায় চাঁদপুর ও ফরিদপুর থেকে দুইজনকে গ্রেফতার করেছে সংস্থাটি।

রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ এ তথ্য জানান।

কুরিয়ারে পাচারের কৌশল

তিনি বলেন, আন্তর্জাতিক মাদক চক্র দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে পাচার কার্যক্রম চালাচ্ছে। গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে টঙ্গীর একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ইতালাগামী একটি পার্সেল জব্দ করা হয়। সন্দেহজনক ওই পার্সেল খুলে সাতটি তোয়ালে থেকে ৬.৪৪ কেজি কিটামিন শনাক্ত করা হয়।

দুই পাচারকারী গ্রেফতার

প্রথমে চাঁদপুরের মতলব উত্তর থেকে পার্সেলের প্রেরক মাসুদুর রহমান জিলানী (২৮) গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ফরিদপুরের সালথা থানার আটঘর বাজার থেকে আরিফুর রহমান খোকা (৪৩) গ্রেফতার হয়। তার কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

তোয়ালে ভিজিয়ে পাচার

ডিএনসি জানিয়েছে, পাচারকারীরা কেমিক্যাল ইমপ্রেগনেশন পদ্ধতিতে তোয়ালে মাদকের দ্রবণে ভিজিয়ে শুকিয়ে ফেলে। বাইরে থেকে স্বাভাবিক কাপড় মনে হলেও বিশেষ প্রক্রিয়ায় সেখান থেকে মাদক আলাদা করা যায়।

কিটামিনের ভয়াবহতা

একসময় অস্ত্রোপচারে অজ্ঞান করার ওষুধ হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে কিটামিন পার্টি ড্রাগ হিসেবে অপব্যবহৃত হচ্ছে। এটি স্বল্পমেয়াদে বিভ্রান্তি, হ্যালুসিনেশন ও শারীরিক জটিলতা তৈরি করে। দীর্ঘমেয়াদে কিডনি, মূত্রথলি ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে এবং জীবনহানির ঝুঁকি বাড়ায়।

আন্তর্জাতিক চক্রের সংশ্লিষ্টতা

ডিএনসি মহাপরিচালক জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্টতা রয়েছে এই চক্রে। তারা ঢাকায় অবস্থান না করলেও সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে কুরিয়ারের মাধ্যমে মাদক বিদেশে পাঠিয়ে দেয়। এবার জব্দ হওয়া চালানের গন্তব্য ছিল ইতালি।

তিনি আরও বলেন, দেশে সীমিত জনবল নিয়ে (১ হাজার ৬২২ জন) ডিএনসি অভিযান পরিচালনা করছে। গত ছয় মাসে অভিযানের সংখ্যা বেড়েছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি সন্তানদের গতিবিধি পর্যবেক্ষণের আহ্বান জানান, যাতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted