| | |

সড়কে প্রাণ হারানো মা, কান্না আর আকুতি শাবকের চোখে

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

দুটি রক্তাক্ত বানর পড়ে আছে পিচঢালা সড়কে। এর একটির কান বেয়ে রক্ত ঝরছে, রক্তে ভিজে যাচ্ছে সড়ক। পাশে নিথর পড়ে থাকা মৃত মায়ের গলায় জড়িয়ে শাবকটি বারবার আকুতি জানাচ্ছে। অন্যদিকে গাছের ডালে জড়ো হয়ে থাকা বানরের দল বিকট শব্দে চিৎকার করছে, যেন শোকে মুহ্যমান হয়ে প্রতিবাদ জানাচ্ছে প্রিয়জন হারানোর।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এমন ঘটনাটি ঘটেছে।

এই দৃশ্য কাঁদিয়েছে অনেক পথচারীদেরও। বেপরোয়া যানচালনা আর অসচেতনতায় বনের প্রাণীরা হারিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উদ্যানের মূল পাকা সড়কে বেপরোয়া গতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে দুটি বানর।

এই দুর্ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হৃদয়বিদারক ভিডিও ও ছবি।

প্রকৃতিপ্রেমীরা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে এর আগেও বহু বন্যপ্রাণী বেপরোয়া গাড়ির চাপায় মারা গেছে। যদিও উদ্যানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারিত, বাস্তবে তা কেউ মানে না। মানুষের বেপরোয়া যান চালনা আর অসচেতনতায় হারিয়ে যাচ্ছে বনের প্রাণীরা।

এই মর্মান্তিক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই বলেন, এ ধরনের ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ ও বন্যপ্রাণ সংরক্ষণে আরও সচেতনতার প্রয়োজন।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা নাজমূল হক জানান, সন্ধ্যার কিছু আগে উদ্যানের সড়কে দ্রুতগতির একটি গাড়ির চাপায় বানর দুটির মৃত্যু হয়। তবে ঘটনাস্থলে গিয়ে বানরের মৃতদেহ আর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো বন্য প্রাণী সেগুলো টেনে নিয়ে গেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted