| | |

বরিশালে ছাত্রদল ও শিবির নেতা–কর্মীদের সংঘর্ষ, আহত ২৫

জেলা প্রতিনিধি, বরিশাল

বরিশালের মুলাদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দুই পক্ষই দাবি করেছে।

আহতদের মধ্যে ছয়জনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ঘটনার বিষয়ে মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম বলেন, এটি বড় কোনো ঘটনা নয়। বুধবার কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ফল প্রকাশ উপলক্ষে ছাত্রদলের একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার শিবিরের নেতাকর্মীরা আমন্ত্রণ না পাওয়া নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন তোলেন। এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে, পরে শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল জেলা শিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ অভিযোগ করেন, ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান উপলক্ষে শিবির নেতারা কলেজে গেলে ছাত্রদল অতর্কিত হামলা চালায়, এতে তাঁদের অন্তত ১৫–২০ জন আহত হন। এর মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, কলেজ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে শিবির। তারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে ছাত্রদলের নেতাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। তাঁর দাবি, ঘটনায় ছাত্রদলেরও ৭–৮ জন নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted