নারায়ণগঞ্জে একটি ফ্ল্যাটের দরজা ভেঙ্গে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায় হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৫) ও ছেলে আফরান (৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতরা বউবাজারে পলাশ মিয়ার সাততলা ভবনের চতুর্থ তলায় তারা ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
নিহতের বড় ভাই অলিউল্লাহ লাভলুর বরাত দিয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেওয়া ছিল। শিপলুকে অন্য কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনের লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহত হাবিবুল্লাহ শিপলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে গ্রাহকরা মালিক ও তার বিরুদ্ধে মামলা করে। সেই থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত থেকেই আত্মহত্যার পথ বেছে নেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









