ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অনি বলেছেন, ‘মাদক থেকে যুব সমাজকে দূরে রাখা এবং সাধারণ মানুষের বিনোদনের ব্যবস্থা করতেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য, ঢাকা-২ আসনের প্রতিটি ওয়ার্ড থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার সাভার থানার তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাভার থানা বিএনপি আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অনি, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুবদলের নেতা রকিব হাসান এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় কানারচর ক্লাব ও কালিনগর ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে কালিনগর ক্লাব ২-১ গোলে কানারচর ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।









