| | |

সড়ক দুর্ঘটনা

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান পুকুরে, চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাই উপজেলায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দেপাশাই এলাকার মনির হোসেন (৩৫) ও চাপিল এলাকার মনির হোসেন (২৫)। দুর্ঘটনায় আরও দুজন আহত হন। তাঁরা হলেন সাইফুজ্জামান ও মিজান। তাঁদের ধামরাইয়ের ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সাভার উপজেলার জামগড়া এলাকা থেকে মুরগির খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারের দিকে ওই পিকআপ নিয়ে যাচ্ছিলেন চালক। এ সময় যানটিতে আরও তিনজন ছিলেন। ধানতারা বাজারে ক্রেতাকে পণ্য বুঝিয়ে দিয়ে পিকআপটি নিয়ে তাঁরা ধামরাই ফিরছিলেন। পথে কান্দাপটল এলাকায় পৌঁছালে পিকআপটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। একপর্যায়ে এটি পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেন। আহত সাইফুজ্জামান ও মিজানকে উদ্ধার করে ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ