রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জিলহজ, ১৪৪৭

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

ভারতের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ

ক্রীড়া ডেস্ক

দু-দুবার পিছিয়ে পড়ার পরও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ম্যাচটা টাইব্রেকারে নিয়ে গেল বাংলাদেশের যুবারা। কিন্তু পেনাল্টি শুটআউটে একেবারেই হতাশ করল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ফলে যুব সাফের ফাইনাল আরেকবার বাংলাদেশের জন্য স্বপ্নভঙ্গের মঞ্চ হয়ে থাকল।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভারতের কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। প্রথমার্ধেই ২-১ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ একেবারে শেষ মুহূর্তে ম্যাচে সমতা ফিরিয়ে খেলা টাইব্রেকারে নিয়েছিল।

কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ভারত। বাঁ প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো বল ধরে বক্সের ভেতর বাংলাদেশের দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে গোলটি আদায় করে নেন দলালমুয়ন গাংতে। তবে বাংলাদেশ ম্যাচে সমতা ফেরাতে সময় নেয়নি। ২৪ মিনিটে সেট পিট থেকে গোলটি আদায় করে ছোটন শিষ্যরা। অধিনায়ক ফয়সাল কর্নার কিক থেকে বক্সের ভেতর বল ভাসিয়ে দেন। এক সতীর্থের হেড থেকে সেটা আবার চলে আসে বাম পাশের পোস্টের দিকে। সেখানে থাকা মোহাম্মদ মানিক হেডে বল জালে জড়িয়ে দেন। ৩৮ মিনিটে ভারত ফের এগিয়ে যায় (২-১)। এবার গোলদাতা আজলান শাহ।

বাংলাদেশ এরপর খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা করেও পারছিল না। যোগ করা সময়ে একটি ফাউল না দেওয়ায় বাংলাদেশের ডাগআউট থেকে ক্রোধের বহিঃপ্রকাশ ঘটতে দেখা যায়। এর পরপরই একটি থ্রোয়িং পেয়ে যায় বাংলাদেশ। সাব্বির ইসলাম লং থ্রোয়ে চমক দেখান। নিখুঁতভাবে বক্সের ভেতর বল ফেলেন তিনি। সেখান থেকে গোল আদায় করে নেন ইহসান হাবিব। ফলে ২-২ সমতায় শেষ হয় খেলা। এরপর বয়সভিত্তিক প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে গড়ায় খেলা।

কিন্তু শুটআউটে বাংলাদেশ নিজেদের প্রথম দুই শটেই গোল করতে ব্যর্থ হয়। তাতেই ম্যাচের ফল লেখা হয়ে যায়। বাংলাদেশ নিজেদের তৃতীয় শটে গোল পেলেও চতুর্থ শটটি আর নেওয়ার প্রয়োজন হয়নি। কারণ ভারত চার শটের চারটিতেই গোল আদায় করে। দলটির পক্ষে টাইব্রেকারে গোলগুলো করেন- দলালমুয়ন গাংতে, কোরো মেইতেই, ইন্দ্রা রানা গোল ও শুভাম পোনিয়া। অন্যদিকে বাংলাদেশ পক্ষে ইকরামুল প্রথম শটটিই উড়িয়ে মারেন। আজম খানের নেওয়া দ্বিতীয় শট রুখে দেন ভারত গোলরক্ষক জ্যোতি বড়ুয়া। তৃতীয় শটে মানিক অবশ্য জাল খুঁজে নেন।

গত বছরও এই প্রতিযোগিতার ফাইনালে ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। সেই আসরের ফাইনালেও ভারতের কাছে হারে বাংলাদেশ। এ ছাড়া গত মে মাসে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলের ফাইনালেও ভারতের কাছে টাইব্রেকারে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে ছেলেদের সাফের ফাইনালে ভারতের বিপক্ষে স্বপ্নভাঙা বাংলাদেশের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।

অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে যুব সাফ এ নিয়ে তৃতীয়বার আয়োজিত হলো। বাংলাদেশ দুবার ফাইনালে উঠেও শিরোপা পেল না।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031