| | |

গাজীপুরে বকেয়া বেতন না পেয়ে শ্রমিকদের অবরোধ

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। পরে বেতন পরিশোধের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন তাঁরা।

আজ সকাল আটটা থেকে উপজেলার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বরমী সিটপাড়া এলাকার গার্ডেনিয়া ওয়্যার লিমিটেড কারখানার পাঁচ শতাধিক শ্রমিক। পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়। পরে বেলা ১১টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

কারখানাটির প্রায় পাঁচ শতাধিক শ্রমিক বিক্ষোভে অংশ নেন। তাঁরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকেরা জানান, আগস্ট মাসের বেতন গতকাল রোববার দেওয়ার কথা ছিল, কিন্তু তা পরিশোধ না করায় আজ তাঁরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং পরে সড়ক অবরোধ করেন। কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, বেতন বাকি রেখে গোপনে কারখানা বিক্রির চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।

আলমগীর হোসেন নামের এক শ্রমিক বলেন, কঠোর পরিশ্রম করে বেতনের টাকায় শ্রমিকদের সংসার চলে। পারিশ্রমিক না পেলে ওই শ্রমিকের ওপর নির্ভরশীল পরিবার কী দুরবস্থায় থাকে, তা কর্তৃপক্ষ বুঝতে পারে না।

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ফোন ধরেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারিক বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগামীকাল বকেয়া বেতন পরিশোধ করবে কর্তৃপক্ষ। এরপর নির্ধারিত সময়ে কারখানার কার্যক্রম চলবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ