ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থীকে (২৫) ধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকেই গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (১৯ অক্টোবর) রাত থেকে সোমবার (২০ অক্টোবর) ভোর ও বিকেল পর্যন্ত রাজধানী ঢাকা, গাজীপুর ও উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও (৩৭), সহযোগী মিঠু বিশ্বাস (৪৪) এবং আরেক সহযোগী বিপ্লব রোজারিও (৪০)।
পুলিশ জানায়, প্রধান আসামি সোহেল রোজারিওকে রাজধানীর তেজগাঁও থানার তেজকুনীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সহযোগী মিঠু বিশ্বাসকে গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। অপর সহযোগী বিপ্লব রোজারিওকে সোমবার বিকেলে উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব-৪।
এর আগে গত ১৬ অক্টোবর রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ধর্ষণের প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং–১৯) দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিদের ধরতে পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে আসছিল।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী সাভারের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, তাঁর মা বাইরে আছেন এবং দরজায় তালা ঝুলছে। পরে পাশের এক চা দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তরুণীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে থাকেন। কিছু দূর যাওয়ার পর তার সঙ্গে যোগ দেন মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিও।
তিনজন মিলে তরুণীকে অনুসরণ করে ভয়ভীতি দেখিয়ে সোহেলের নিজ বাড়িতে নিয়ে যায় এবং সেখানে দুই সহযোগীর সহায়তায় তরুণীকে ধর্ষণ করে। এ সময় বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “ঘটনার পর থেকে তিন আসামিই পলাতক ছিলেন। জেলা পুলিশের নির্দেশনায় ডিবি ও সাভার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।”
তিনি আরও জানান, সোমবার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, র্যাব-৪-এর একটি দল সোমবার বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার অপর সহযোগী আসামি বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করে।










