ঢাকার সাভারে সিটি ইউনিভার্সিটিতে আটক রাখা ১১ জন শিক্ষার্থীকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আটক শিক্ষার্থীদের ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ১১ জন শিক্ষার্থীকে ড্যাফোডিল ইউনিভার্সিটির কর্মকর্তাদের হাতে হস্তান্তর করে। পরে সন্ধ্যায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘সিটি ইউনিভার্সিটি থেকে ১১ জন শিক্ষার্থীকে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে তিনজনকে হস্তান্তরের আগে সিটি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করেছিল। তাদের অবস্থা খারাপ না হলে নিশ্চয়ই হাসপাতালে নেওয়া হতো না। বাকিদের মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’
সৈয়দ মিজানুর রহমান আরও বলেন, ‘শিক্ষার্থীদের আটকে রেখে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। পরে তারা জানিয়েছে, ভয় দেখিয়ে এসব স্বীকারোক্তি আদায় করা হয়েছে।’
অন্যদিকে, সিটি ইউনিভার্সিটির অধ্যাপক আবু জায়েদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা তাদের আটক রাখিনি। তারা এখানে ঘুরছিল। যেহেতু রাত হয়ে গিয়েছিল, আমরা তাদের নিরাপত্তার জন্যই রাখি যাতে কেউ তাদের ক্ষতি করতে না পারে।’
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, ‘সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’










