| | |

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা

২০তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন, পরবর্তি সাক্ষ্য আগামিকাল

ডেস্ক রিপোর্ট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

জুলাই-আগস্ট আন্দোলনে গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলায় ২০তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই মামলার ২০তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন পুলিশের (উপপরিদর্শক) এসআই আশরাফুল হাসান। তিনি বর্তমানে ঢাকার আশুলিয়া থানায় কর্মরত।

জবানবন্দিতে আশরাফুল হাসান বলেন, ‘চলতি বছরের ১৪ এপ্রিল তিনি দায়িত্ব পালন করছিলেন। সে সময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেতার বার্তার মাধ্যমে তাঁকে জানান, থানা ভবনের পশ্চিম পাশসংলগ্ন মনির ও লতিফ মণ্ডলের পুরাতন টিনশেড বাড়ির সীমানাপ্রাচীরের মধ্যে গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেই সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি ঘটনাস্থলে পৌঁছান। একটি চার্জারসহ ছয়টি রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।’

আশরাফুল হাসানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। জেরায় আইনজীবী বলেন, ‘তিনি ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামত সংগ্রহের নাটক তৈরি করেছেন।’

জবাবে আশরাফুল হাসান বলেন, ‘এ কথা সত্য নয়।’

আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। এই মামলায় মোট আসামি ১৬ জন। তাঁদের মধ্যে ৮ আসামি গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন- সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ এই মামলার আট আসামি পলাতক।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ