যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) তিনি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আত্মসুরক্ষার প্রশিক্ষণের জন্য ২৭ কোটি টাকা ব্যয়ে ২ বছর ৬ মাস মেয়াদী প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতায় বিকেএসপির ৭টি আঞ্চলিক শাখার মাধ্যমে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম, আমন্ত্রিত গণ্যমান্য অতিথিবৃন্দ ও বিকেএসপির কর্মকর্তারা।
যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে মূলত জুডো, কারাতে, তায়কোয়নডো ও শুটিং (এয়ার গান) বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের লক্ষ্য-যুবদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ভারসাম্য অর্জন, শৃংখলা ও আত্মনিয়ন্ত্রণ, শারীরিক সক্ষমতা অর্জন এবং জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার।
অনলাইন নিবন্ধনে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সারা দেশের ন্যুনত এসএসসি উত্তীর্ণ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও প্রশিক্ষণ গ্রহণে সক্ষম ১৮-৩৫ বছর বয়সের বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ ১৫ দিনের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
যুবকদের জন্য ১০২টি ব্যাচে ৮২৫০ জন এবং যুবতীদের ১২টি ব্যাচে ৬০০ জনসহ সর্বমোট ১১৪টি ব্যাচে তিন বছরের বিভিন্ন সময়ে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট, কেডস, প্রশিক্ষণ ভাতাসহ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
সবশেষে মহাপরিচালক প্রধান অতিথিকে সাথে নিয়ে বিকেএসপির বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখান। ক্রীড়া উপদেষ্টা বিকেএসপির চলমান কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।










