নারায়ণগঞ্জে মাদক কেনাবেচা দেখে ফেলায় এক যুবককে প্রকাশ্যে গুলি ও রামদা দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ঘটনাটি ঘটে।
আহত নাহিদুর রহমান পারভেজ ১৩ নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। তার কনফেকশনারি দোকান ও ইন্টারনেট ব্যবসা রয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুইট্টা মাসুদ, গিইট্টু রিপন এবং জাহিদ—এ তিনজন মাসদাইর রোকেয়া স্কুলের সামনে নিয়মিত মাদক কারবারি চালাত। দুপুরে তারা লেনদেন করছিল। ঠিক সেই সময় পারভেজ ঘটনাটি দেখে ফেলে।
এতে ক্ষিপ্ত হয়ে তিনজন প্রথমে পিস্তল দিয়ে গুলি চালায়। গুলি শরীরে না লাগলেও তারা রামদা দিয়ে তাকে কোপায়।
আহত নাহিদুর রহমান পারভেজ বলেন, মাসদাইর বাজার থেকে আসার পথে বেগম রোকেয়া স্কুলের সামনে দাঁড়িয়ে একজনকে দেখছিলাম। এসময় বুইট্টা মাসুদ বলে তাকিয়ে আছোস কেন? এই কথা বলেই অস্ত্র বের করে গুলি করে দিলো। বলতে থাকে তুই কে? এরপর পেছন থেকে দৌড়ে এসে রিপন সুইস গিয়াস হাতের মধ্যে পোজ দিলো।
আরেকজন জাহিদ এসে লোহা দিয়ে মাথায় বাড়ি দিল। সেই সাথে বুইট্টা মাসুদ আবার গুলি করে। আমি দৌড়ে চলে আসি।
তিনি আরো বলেন, আমি শুনেছি এই গলিতে বুইট্টা মাসুদরা মাদক ব্যবসা করে। এইজন্য তারা মনে করছে আমি তাদেরকে দেখছি। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে অন্যজনকে দেখছিলাম। আমি এর বিচার চাই।
পারভেজের বাবা ফিরোজ মাস্টার জানান, ‘গুরুতর আহত ছেলেকে প্রথমে খানপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা দ্রুত ঢামেকে স্থানান্তরের পরামর্শ দেন। তার মাথা ও হাতে জখমের চিকিৎসা চলছে।’
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। আসামি জাহিদ আগেও পুলিশের ওপর হামলা মামলার আসামি। ঘটনার সব কিছু যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।










