তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামালপুর জেলা কারাগারে এক কয়েদির মারধরে আরেক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের নাম হজরত আলী ওরফে পাগলা হজরত (২৫)। তিনি মাদক মামলায় কারাগারে ছিলেন। তার বাড়ির জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়ার টেংরি বাড়ি গ্রামে।
জেল সুপার গোলাম দস্তগীর জানিয়েছেন, ‘কারাগারে বন্দী মাদক মামলার হাজতি হজরত ঘুমিয়ে ছিল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫ টার দিকে হজরত থুথু একই ওয়ার্ডে থাকা হত্যা মামলার আসামি রহিদুর মিয়ার (৪০) শরীরে পড়ে। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হজরত আলীকে কাঠ দিয়ে তার মাথায় বেশ কয়েকবার আঘাত করে রহিদুর।
এ সময় অন্য হাজতিরা হজরতের চিৎকারে রক্তাক্তবস্থায় উদ্ধার করে। পরে কারা কর্তৃপক্ষ তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। সেখানেও তার অবস্থা আশংকাজনক হলে শুক্রবার সকালে তাকে ঢামেক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
হজরত আলীকে গত ১৬ অক্টোবর বকশীগঞ্জ থানা পুলিশ মাদক মামলায় আটক করে আদালতে প্রেরণ করে। আদালত ১৭ অক্টোবর তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
ঘটনার সাথে জড়িত হাজতি রহিদুর মিয়া (৪০) বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের ছেলে।










