খুলনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তরা দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনা মহানগরের নতুন বাজার এলাকার ফজলে রাব্বি রাজন এবং মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।
নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তার ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে রোববার আদালতে এসেছিলেন তার ভাই।
স্থানীয়রা বলেন, জামিনে থাকা দুই আসামি হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হয়। এ সময় দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় আরেকজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










