| | |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ছয় হলের নথিপত্রের দাবিতে প্রকল্প কার্যালয়ে তালা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান ১ হাজার ৪৪৫ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের নির্মাণসংক্রান্ত নথিপত্র প্রকাশের দাবিতে প্রকল্প কার্যালয়ে তালা দিয়েছে জাকসু ও বিশ্ববিদ্যালয়ের ছয়টি নবনির্মিত হলের ছাত্র সংসদের প্রতিনিধিরা।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হোসনী মোবারক এবং কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতীর নেতৃত্বে প্রতিনিধিরা প্রকল্প কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। খবর লেখা পর্যন্ত সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি চলছিল।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ১০ তলাবিশিষ্ট নবনির্মিত ছয়টি আবাসিক হলে প্রকল্পের কাজের সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। সাম্প্রতিক ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে এসব হলের বিভিন্ন ফ্লোর ও দেয়ালে ফাটল ধরা—এ অভিযোগকে আরও জোরদার করেছে। তারা জানায়, প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সব ব্যয়সহ পূর্ণ নথিপত্র তারা চাইছেন এবং এসব নথি নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে যাচাই করতে চান।

শিক্ষার্থীদের দাবি করা নথির মধ্যে রয়েছে—ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র, স্ট্রাকচারাল ডিজাইন, অথরিটি অ্যাপ্রুভাল শিট, ডিপিপি, প্রকল্পের শিডিউল, মাটি পরীক্ষার প্রতিবেদন, ব্যয়ের প্রমাণপত্র, টেন্ডার, মেজারমেন্ট বুক, তদারকি সংক্রান্ত নথি ইত্যাদি।

হোসনী মোবারক বলেন, “বিভিন্ন সময়ে আমরা জেনেছি প্রকল্পে অনিয়ম হয়েছে। ভূমিকম্পের পর নতুন হলগুলোতে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীরা আতঙ্কে আছে। আগে স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা প্রশাসনকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলাম, কিন্তু ব্যবস্থা নেয়নি। এখন আমরা প্রকল্পের সব নথি চাইছি। সেগুলো না দিলে আমরা তালা খুলব না।”

অন্যদিকে প্রকল্প কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (পিডি) নাসির উদ্দিন বলেন, “জাকসু ও হল সংসদের প্রতিনিধিরা বিভিন্ন ডকুমেন্টস চাইছে। কিন্তু আমি প্রশাসনের নির্দেশ ছাড়া এসব দিতে পারি না। উপাচার্য স্যার আলোচনা করবেন বলেছেন। এরপর সিদ্ধান্ত জানানো হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ