ঢাকার সাভারের আশুলিয়ায় গণবিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভুক্তভোগী তরুণী আশুলিয়া থানায় মামলা দায়ের করার পর বুধবার সন্ধ্যায় ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীর মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জের দেলোয়ার ভূইয়া (২২), মানিকগঞ্জের হরিরামপুরের তাজুল ইসলাম তাজ (২০), নেত্রকোনার বারহাট্টার শ্রাবন সাহা উৎস (২১) এবং আশুলিয়ার অন্তু দেওয়ান (২৪)। তারা চারজনই গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ জানায়, সোমবার (৭ এপ্রিল) অভিযুক্তরা একসঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে ভুক্তভোগী শিক্ষার্থীকে বাইরে নিয়ে যায়। একপর্যায়ে তাকে মাদকসদৃশ কিছু খাওয়ানো হয় এবং সাভারের বাইমাইল এলাকায় পালাক্রমে ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। এরপর মঙ্গলবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে ফিরে তরুণী থানায় গিয়ে মামলা করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং ওই মামলার ধারাবাহিকতায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।” তিনি আরও জানান, তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
গণবিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার সারমিন সুলতানা বলেন, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।










