মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭

মাল্টা উপকূলে নৌকাডুবি: ৫৯ বাংলাদেশি উদ্ধার, নিহত ১

সাভার ডেস্ক

ফাইল ছবি

ভূমধ্যসাগরে মাল্টা উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫৯ জন বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র জানায়, নৌকাটি লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে যাত্রাপথে নৌকাটি মাল্টার সার্চ অ্যান্ড রেসকিউ জোনে প্রবেশ করলে এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।

খবর পেয়ে মাল্টার কোস্ট গার্ড ও উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত অভিযান পরিচালনা করে ৫৯ জন বাংলাদেশিসহ মোট ৬১ জন অভিবাসীকে উদ্ধার করে। উদ্ধার হওয়াদের মধ্যে ছয়জন হাইপোথারমিয়ায় আক্রান্ত ছিলেন। অসুস্থদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

উদ্ধার হওয়া বাংলাদেশিদের মাল্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, শুক্রবারের এই উদ্ধার অভিযান সাম্প্রতিক বছরগুলোতে মাল্টায় অনিয়মিত অভিবাসী আগমনের প্রথম বড় ঘটনা। ২০২০ সালে দেশটিতে মোট ২ হাজার ২০০ জন অভিবাসী প্রবেশ করেছিলেন। তবে পরবর্তী সময়ে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার ফলে অনিয়মিত অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসে। গত বছর মাল্টায় আশ্রয়প্রার্থী এসেছিলেন মাত্র ২৩৮ জন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, চলতি বছরের গত সপ্তাহ পর্যন্ত মাল্টায় আগত অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ১৮৫ জন। অথচ একই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন প্রায় ১ লাখ ৩৬ হাজার অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে অন্তত ৬৪ হাজার ইটালিতে এবং ৪৪ হাজার গ্রিসে পৌঁছেছেন।

উল্লেখ্য, মাল্টায় বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা গ্রিসের এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস থেকে কনস্যুলার সেবা গ্রহণ করেন। এ বিষয়ে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, এখন পর্যন্ত এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো তথ্য তাদের কাছে পৌঁছায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930