মাদকবিরোধী বিশেষ অভিযানে ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে ১৪ জন মাদকসেবী ও মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
আশুলিয়ার জামগড়া ও আশপাশের এলাকায় শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আকতারের ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে ১৪ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। সাজা ঘোষণার পর রাত ১০টার দিকে প্রিজন ভ্যানে করে সাজাপ্রাপ্তদের ঢাকার আদালতে পাঠানো হয়।
আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতার বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।










