| | |

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জটিলতা

বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান

সাভার ডেস্ক

সংগৃহীত ছবি

আর এক মাসও বাকি নেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। এমন সময়ে বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানোয় টুর্নামেন্ট ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাতে জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলোর জন্য টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে সেগুলো আয়োজন করতে পুরোপুরি প্রস্তুত পিসিবি।

সূচি অনুযায়ী বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা লিটন কুমার দাসদের। তবে নিরাপত্তা ইস্যুতে ভারতে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই টানাপোড়েনের সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কয়েকটি রাজনৈতিক দল ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে আইপিএল দলে না রাখতে নির্দেশ দেয় বলে অভিযোগ ওঠে। নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা বাঁহাতি এই পেসারকে পরে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স।

এরপরই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। পাল্টা প্রতিক্রিয়ায় নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠিও পাঠানো হয়।

এদিকে সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার ঘোষণাও আসে।

উদ্ভূত পরিস্থিতির সমাধান খুঁজতে রোববার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে আইসিসি চেয়ারম্যান জয় শাহর।

এর মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে পাকিস্তানের আগ্রহ দেখানোর খবর সামনে এলো।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ