কুমিল্লার নাঙ্গলকোট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার আলীয়ারা গ্রামের দেলোয়ার হোসেন নয়ন ও আব্দুর রাজ্জাক।
স্থানীয় সূত্র জানায় আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার গ্রুপ এবং সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় দেলোয়ার হোসেন নয়ন, আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত হন।
সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় এর আগেও গত বছরের ৩ আগস্ট একই দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার জেরে গ্রামে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে বেশ কয়েকটি পরিবারের সদস্য দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে বাধ্য হন।










