শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭

দ্রুতগতি ও সরু সড়ককে দায়ী করছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা

ঢাকা–বরিশাল মহাসড়কে বাস–ইজিবাইক সংঘর্ষে নিহত ৭

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ঘটকচর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টারও বেশি সময় মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় যান চলাচল ব্যাহত হয়। উদ্ধার অভিযান রাত পর্যন্ত চলমান ছিল।

নিহতরা হলেন—কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০) এবং কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে ইজিবাইকচালক সাগর বেপারী। এছাড়া দুর্ঘটনায় আরও চারজন অজ্ঞাতনামা নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারী রয়েছেন।

মাদারীপুর সদর হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাস ‘সার্বিক পরিবহন’ মাদারীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালকসহ চারজন নিহত হন।

পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এক নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাটি দ্রুতগতির কারণেই ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শী রুবেল ফকির বলেন, ঢাকা–বরিশাল মহাসড়কের ওই অংশটি অত্যন্ত সরু এবং সেখানে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। এ অবস্থায় দ্রুতগতির যানবাহন চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয় বাসিন্দা শামীম মোল্লা বলেন, মহাসড়কের এই অংশটি কার্যত একটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে দ্রুত সময়ের মধ্যে সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানান তিনি।

২৫০ শয্যা জেলা হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031