নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল ও জরিমানাকে কেন্দ্র করে ঢাকার সাভারে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকরা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা ঢাকামুখী যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও যানবাহনের চালক।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা মহাসড়কের ওপর অবস্থান নেন। ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা পড়েন চরম ভোগান্তিতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে অটোরিকশা চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাভার হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে এবং প্রতি চালকের কাছ থেকে ২ হাজার ৬০০ টাকা করে জরিমানা আদায় করে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন চালকরা।
অটোরিকশাচালকদের দাবি, জরিমানার নামে তাদের হয়রানি করা হচ্ছে এবং মহাসড়কে চলাচলে বাধা দেওয়ায় আয়-রোজগার ব্যাহত হচ্ছে। এসব দাবির প্রতিবাদে তারা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলীর নেতৃত্বে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওসি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন, তাদের দাবি শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে মহাসড়ক অবরোধে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
ওসির আশ্বাসে চালকরা দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় এবং যানজটের অবসান ঘটে।
এ বিষয়ে ওসি আরমান আলী বলেন, মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিল। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সব সময় তৎপর রয়েছে।
উল্লেখ্য, ব্যাটারিচালিত অটোরিকশার মহাসড়কে চলাচল আইনগতভাবে নিষিদ্ধ। দাবি আদায়ের উদ্দেশ্যে চালকরা এদিন নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়ক অবরোধ করেন বলে জানিয়েছে পুলিশ।










