| | |

আফগানিস্তানে ভূমিকম্পে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

ছবি: এএফপি

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যু ও ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ। মানবিক সহায়তার অংশ হিসেবে দেশটিতে জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে এই ত্রাণ কাবুলে পৌঁছাবে।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ। বিমান বাহিনীর তত্ত্বাবধানে এসব সামগ্রী আফগানিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজার ২০০ জনের বেশি নিহত এবং অন্তত তিন হাজার মানুষ আহত হয়েছেন। প্রায় আট হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

মানবিক সংকটে বিপর্যস্ত এলাকায় খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সেবার তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশে দ্রুততম সময়ে সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয়।

ত্রাণ কার্যক্রম সমন্বয় করছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ। পাশাপাশি বেসরকারি খাত থেকেও সহযোগিতা এসেছে—বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ও প্রাণ-আরএফএল এতে যুক্ত হয়েছে।

বাংলাদেশ অতীতেও আফগানিস্তানের দুর্যোগে সহায়তার হাত বাড়িয়েছে। ২০২২ সালের ভূমিকম্পেও দেশটিতে ত্রাণ পাঠানো হয়েছিল। এবারও সেই মানবিক ধারাবাহিকতায় নতুন করে সহায়তা পাঠানো হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted