বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় শহীদ মজনু একাডেমির মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ ছাড়া জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ফুটপাত দখলকারীদের কঠোর হাতে দমন করা হবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় পায়ে হেঁটে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।










