| | |

জাপা কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, আগুনের ঘটনায় দলটি গণঅধিকার পরিষদকে দায়ী করে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, গণঅধিকার পরিষদের দলের নিবন্ধন বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে যদি এই মদদদাতাদের গ্রেপ্তার করা না হয় তাহলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

“সন্ত্রাসবিরোধী আইনে যে সকল বিষয়ে থাকলে নিবন্ধন বাতিল করা হয় তার সবই গণঅধিকার আন্দোলন করেছে। তাই গণঅধিকারকে রাজনৈতিক দল হিসেবে সরকারকেই নিষিদ্ধ করতে হবে।

এদিকে গণঅধিকার পরিষদ ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিকালে শাহবাগ মোড়ে সংহতি সমাবেশের আয়োজন করেছিল। সেই সমাবেশ শেষ করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান দলটির নেতাকর্মীরা।

আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে থাকা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে ভাংচুর চালিয়ে তারা আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় রাতে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির মহাসচিব। তিনি বলেছেন, হামলার বিষয়ে পুলিশের অবস্থান যথেষ্ট ছিল, তবে সেনাবাহিনী না থাকলে পুলিশ একা এই মবকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই সেনাবাহিনী প্রয়োজন।

এর আগে গত ৩০ অগাস্ট সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা।

এ ঘটনায় তাৎক্ষণিক মশাল মিছিলের ডাক দেয় গণঅধিকার পরিষদ। রাত সাড়ে ৯টায় মশাল মিছিল কর্মসূচি শেষে বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে। তাতে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ