| | |

দুর্ঘটনায় আহত বর

হাসপাতালেই সম্পন্ন হলো বিয়ে

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে দুর্ঘটনার শিকার হন বর। তবে থেমে থাকেনি বিয়ের আয়োজন। হাসপাতালের বিছানায় বসেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মানিকগঞ্জের অভিজিৎ সাহা ও অমৃতা সরকার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালের এক বিশেষ কক্ষে সম্পন্ন হয় এই ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান। লাল শাড়ি পরে সাজঘর নয়, হাসপাতালের কক্ষেই পাত্রীর আগমন ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরের চান মিয়া লেনের বাসিন্দা অভিজিৎ সাহার বিয়ের তারিখ ঠিক ছিল ৪ সেপ্টেম্বর। কিন্তু তার আগের দিন ঢাকা থেকে ফেরার পথে সাভারের ধামরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এতে তার হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত আফরোজা বেগম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অসুবিধা থাকলেও দুই পরিবারের সম্মতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতে বিয়ের আয়োজন করা হয়। হাসপাতালের অব্যবহৃত একটি কক্ষে আয়োজন করা বিয়ের অনুষ্ঠানটি ফেসবুকে লাইভও সম্প্রচার করা হয়।

অভিজিতের বাবা অরবিন্দ সাহা বলেন, ‘ছেলের দুর্ঘটনায় আমরা ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। ভেবেছিলাম বিয়েটা পিছিয়ে দিতে হবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ও কনের পরিবারের সহযোগিতায় নির্ধারিত দিনেই বিয়ে সম্পন্ন হলো। এ আয়োজন আমরা কোনোদিন ভুলতে পারব না।’

হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম জানান, ‘দুর্ঘটনায় আহত অবস্থায় অভিজিৎ সাহা হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করে বিয়ের অনুমতি দেওয়া হয়।’

অভিজিৎ ও অমৃতা এই বিশেষ আয়োজনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা দুজনেই এখন সুস্থ হয়ে নতুন জীবন শুরু করার অপেক্ষায় আছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted