| | |

জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে জমি বায়না করাকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে এক বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। তবে অভিযুক্ত পক্ষ পাল্টা দাবি করেছে, তারাই হামলার শিকার। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গেন্ডা এলাকার শিরিন আক্তার গং-এর মালিকানাধীন তিন শতাংশ জমি কেনার জন্য তাইজুদ্দিন (৬৭) ও তার স্বজনরা বায়না করলে আশরাফুল ইসলাম আরিফের নেতৃত্বে কয়েকজন তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

ভুক্তভোগীদের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাইজুদ্দিন, তার চাচাতো ভাই কোরবান আলী (৪৫) ও ভাতিজা সজিব হোসেনকে মারধর করা হয়। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে আশরাফুল ইসলাম আরিফ বলেন, জমি নিয়ে বিচার মীমাংসার জন্য গেলে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তারাও থানায় অভিযোগ করেছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী জানান, উভয় পক্ষের অভিযোগ মামলা হিসেবে নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted